হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় জমি-বিরোধকে কেন্দ্র করে দুই চাচাতো ভাইয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর পুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাচাতো ভাই আব্দুল মতলিব ও কাদির মিয়ার মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি কাদির মিয়ার গরুর ঘরের নোংরা পানি মতলিবের জমিতে প্রবাহিত হওয়ায় মতলিব তা বন্ধ করে দেন। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি, পরে তা মারামারিতে রূপ নেয়। রাতের দিকে দুই পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে আহতদের মধ্যে ১৫ জনকে গুরুতর অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে রয়েছেন সালাম মিয়া (৬৫), কাদির মিয়া (৬০), ফরহাদ মিয়া (২০), জব্বার মিয়া (১৮), রীনা বেগম (৫০), রংফুল বিবি (৬০), আব্দুল মতলিব (৭০) প্রমুখ।
নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, “বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
নিউজ ডেস্ক 









