আজ বুধবার, ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: আইএসপিআর

  • আপডেট টাইম : অক্টোবর ৭, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ


সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের একটি বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে এটিকে “উদ্দেশ্যমূলক অপপ্রচার” বলে উল্লেখ করা হয়েছে।

আইএসপিআর জানায়, গত ৩০ সেপ্টেম্বর সেনাবাহিনীর বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান কার্যক্রম আরও উন্নত করার উপায় খুঁজতে আয়োজিত এক “গবেষণা প্রতিবেদন উপস্থাপনা (স্টাডি পিরিয়ড)” অনুষ্ঠানে সেনাসদস্যদের কার্যক্রম ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। সেখানে বাংলাদেশ দণ্ডবিধি (সিআরপিসি) ১২৭–১৩২ ধারা, মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাসদস্যদের ভূমিকা এবং আইনগত দিকগুলো তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনুষ্ঠানের একপর্যায়ে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর অধীনে মাঠে নিয়োজিত সেনাসদস্যদের সিআরপিসি ১৩২ ধারায় প্রদত্ত দায়মুক্তি নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান আলোচনার অংশ হিসেবে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩ (সংশোধিত ২০২৪)-এর সঙ্গে এর সম্ভাব্য সাংঘর্ষিক দিক তুলে ধরেন। তিনি বলেন, সরকারি নির্দেশে দায়িত্ব পালনকালে সেনাসদস্যরা যদি আইন অনুযায়ী জনসমাগম নিয়ন্ত্রণে ব্যবস্থা নেন, তবে তাদের আইনগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বিষয়টি ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আইএসপিআর স্পষ্ট করে জানায়, আলোচনার কোনো পর্যায়েই সেনাপ্রধান গুম, খুন বা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি দেওয়ার কথা বলেননি। কিন্তু একটি কুচক্রী মহল—বিশেষ করে বিদেশে অবস্থানরত কিছু ব্যক্তি—ইচ্ছাকৃতভাবে সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে তারা সেনাবাহিনী ও জনগণের মধ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান, রাষ্ট্রের আইন ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে পেশাদারি ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জনগণকে এ ধরনের বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্যের প্রতি সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়।

উৎস: আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)

নিউজটি শেয়ার করুন..

এই সম্পর্কিত আরও নিউজ...